• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

স্বাধীনতা দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা, যেসব সড়ক এড়িয়ে চলবেন

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৫১
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৫১

স্বাধীনতা দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা, যেসব সড়ক এড়িয়ে চলবেন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

যেসব সড়ক বন্ধ থাকবে
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ২৬ মার্চ সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন নিম্নলিখিত সড়কগুলোতে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না:

আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং।
প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)।
শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং (সৈয়দ মাহবুব মোর্শেদ রোড)।
জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং।

বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ
যানজট এড়াতে ডিএমপি বেশ কিছু বিকল্প রুট বা ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করেছে।

মিরপুর-১০ থেকে মহাখালী/ফার্মগেটগামী: যারা মিরপুর-১০ থেকে রোকেয়া সরণি হয়ে ফার্মগেট বা ধানমন্ডি যেতে চান, তাদের আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

জাহাঙ্গীর গেট থেকে বিআইসিসিগামী: জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলো বিজয় সরণি দিয়ে ডান দিকে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে মিরপুর রোডে প্রবেশ করবে।

ফার্মগেট থেকে মিরপুরগামী: ফার্মগেট বা বিজয় সরণি থেকে মিরপুরগামী যানবাহনগুলোকে রোকেয়া সরণি এড়িয়ে খেজুরবাগান ও মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ধানমন্ডি থেকে মিরপুর-১০গামী: ধানমন্ডি থেকে যারা কাজীপাড়া বা শেওড়াপাড়া যাবেন, তারা রোকেয়া সরণি না ধরে মিরপুর রোড ও টেকনিক্যাল মোড় হয়ে যাতায়াত করবেন।

বিকেলে ও রাতে বিশেষ সতর্কতা
বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থাকবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্বাধীনতা দিবসের কনসার্ট অনুষ্ঠিত হবে। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকতে পারে বলে জানানো হয়েছে।

স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।