• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে পশ্চিমা ১৩টি দেশের সতর্কতা

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২৫
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২৫

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে পশ্চিমা ১৩টি দেশের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে পশ্চিমা ১৩টি দেশ যৌথভাবে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাফতরিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশনাও দিয়েছে এ দেশগুলো। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করেছে।

যৌথ নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যৌথ নির্দেশনা দেওয়া ১৩টি দেশ হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।