• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী বিল পাস

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:০৬

বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী বিল পাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক সংশোধনী বিলটি উপস্থাপন করেন। পরবর্তীতে বিলটি কণ্ঠভোটে পাস হয়। চলতি সংসদ অধিবেশনে অন্যান্য গুরুত্বপূর্ণ বিলের পাশাপাশি এই সংশোধনী বিলটিও উত্থাপন ও অনুমোদন দেওয়া হয়েছে।

সংশোধিত আইনে শ্রমিকদের অধিকার সুরক্ষা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রেড ইউনিয়ন গঠনের শর্তে পরিবর্তন আনা হয়েছে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাতৃত্বকালীন সুবিধা উন্নয়নসহ শ্রমিক কল্যাণে বিভিন্ন নতুন বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া শ্রমিকদের ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিধানগুলো আরও শক্তিশালী করা হয়েছে।

জানা গেছে, আগে জারি করা শ্রম সংশোধন অধ্যাদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করেই এই নতুন বিল প্রণয়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে শ্রম খাতকে আধুনিক ও শ্রমিকবান্ধব করতে ধারাবাহিকভাবে এ ধরনের সংশোধনী আনা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন আইনটি কার্যকর হলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ নিশ্চিত হবে এবং কর্মপরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংসদের নির্ধারিত দিনের কার্যসূচি অনুযায়ী, এই অধিবেশনে মোট ১৪টি সংশোধনী বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি বিল পাসের জন্য প্রস্তাব করা হয়েছে এবং নতুন করে আরও ৫টি সংশোধনী বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।