• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়: প্রথম দিনেই বিক্রি ৬০০ ফরম

প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৪৮
আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৪৮

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়: প্রথম দিনেই বিক্রি ৬০০ ফরম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রথম দিনেই বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

রাত ৮টা পর্যন্ত প্রথম দিনে মোট ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দফতর সংযুক্ত) তারিকুল আলম তেনজিং। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।