• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

তৃতীয় লিঙ্গের মেম্বারের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৩:৫০
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৩:৫০

তৃতীয় লিঙ্গের মেম্বারের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

পাবনা প্রতিনিধি
ছবি প্রতিনিধি

পাবনার ফরিদপুরে তৃতীয় লিঙ্গের বিজলী খাতুন নামে এক ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্যসচিব আমিন উদ্দিন সাবেরী, জবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাজিবুল হক পান্তু এবং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল হক টিপুর বিরুদ্ধে ।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য বিজলী খাতুন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের এক সভায় বিজলী খাতুনকে আধা শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়।বনওয়ারীনগর বাজারে পুনর্বাসন কর্মসূচির আওতায় তাকে এই জমি দেওয়া হয়েছিল। নিয়ম মেনেই তিনি সেখানে ঘর নির্মাণের প্রস্তুতি নেন।

বিজলী খাতুনের অভিযোগ, ঘর নির্মাণের কাজ শুরু করতেই স্থানীয় প্রভাবশালী চক্র বাধা প্রদান করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবদলের সদস্যসচিব আমিন উদ্দিন সাবেরী, জবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাজিবুল হক পান্তু এবং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল হক টিপু।

ভুক্তভোগী মেম্বার দাবি করেন, অভিযুক্তরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়েছেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান।

বিজলী খাতুন বলেন, আমি তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। অথচ আজ আমি নিজ এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারি বরাদ্দ পাওয়ার পরও আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আমিন উদ্দিন সাবেরী ও রাজিবুল হক পান্তুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, ফরিদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম শাকিল বলেন, ইউপি সদস্য জহুরুল ইসলাম বিজলি যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট যার কোনো ভিত্তি নেই। দলের ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সরকারি কাজে বাধা বা আইনবহির্ভূত কাজ বরদাশত করা হবে না। সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।