• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদতবার্ষিকী আজ

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:১৮
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:১৮

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদতবার্ষিকী আজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার নজির স্থাপনকারী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইল গ্রামে সম্মুখযুদ্ধে শহিদ হন তিনি।

১৯৪৯ সালে বরিশালের দৌলতখান থানার পশ্চিম হাজিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মোস্তফা কামাল। ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন ছিল তার। পারিবারিক বাধা উপেক্ষা করে ১৯৬৭ সালের ১৬ ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কুমিল্লায় কর্মরত ছিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার ইউনিটকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করা হয়। যুদ্ধে তিনি আলফা কোম্পানির একটি প্লাটুনে সেকশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮ এপ্রিল দরুইল গ্রামে তীব্র যুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে সহযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে নিজ অবস্থানে থেকে একটানা কভারিং ফায়ার দিতে থাকেন মোস্তফা কামাল। তার প্রতিরোধে শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় এবং তাদের অগ্রগতি থেমে যায়। একপর্যায়ে গোলাবারুদ শেষ হয়ে গেলে গুরুতর আহত অবস্থায় শত্রুসেনারা তাকে বেয়নেট দিয়ে হত্যা করে।

তার এই আত্মত্যাগে সহযোদ্ধাদের জীবন রক্ষা পায়। পরবর্তী সময়ে অসীম বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করে।