• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জাবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:৫৬
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:৫৬

চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জাবি ছাত্রদলের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
ছবি প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর অভিযোগ করে বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারা ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রেখে রাজনীতি করে আসছেন। কিন্তু তাদের সেই অবস্থানকে দুর্বলতা ভেবে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। এ ধরনের ঘটনা ক্যাম্পাসের স্বাভাবিক সহাবস্থান নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।’

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘’সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার আশা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে এখনো আগের মতো সংঘাতমুখী পরিস্থিতি দেখা যাচ্ছে। একটি গোষ্ঠী পুরোনো ধারা থেকে বের হতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন।’

তিনি বলেন, ‘এই প্রবণতা বন্ধ না হলে সাধারণ মানুষই এর জবাব দেবে।’

সমাবেশ থেকে চট্টগ্রাম সিটি কলেজে ঘটে যাওয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।