• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৫:৩৯
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৫:৩৯

বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল।

তিনি বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম—এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

তিনি বলেন, সারা দেশ থেকেই দলটির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।