জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, এ চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, নতুন বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আগে যেখানে এই হার ছিল ৩৫ শতাংশ, তা এখন কমে ১৯ শতাংশে নামবে।
তিনি বলেন, এত বড় শুল্ক সুবিধার সুফল পেতে হলে দ্রুত চুক্তিটি বাস্তবায়নের জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় আইন পাস করতে হবে বলে তিনি মনে করেন।
বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। তার মতে, জটিল লাইসেন্সিং পদ্ধতি, অস্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া এবং অনানুষ্ঠানিক ব্যবস্থাপনা বড় বিনিয়োগের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ডিজিটাল কাস্টমস ব্যবস্থা চালু করা, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া নিশ্চিত করা এবং শ্রম ও পরিবেশগত মানদণ্ড আরও শক্তিশালী করা জরুরি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বক্তব্য দেন।

