• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অতিরিক্ত সচিবদের বিমানের ইকোনমি ক্লাস ব্যবহারের নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:১৭
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:১৭

অতিরিক্ত সচিবদের বিমানের ইকোনমি ক্লাস ব্যবহারের নির্দেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
সরকারি ব্যয় কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা অফিস স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির এই অফিস স্মারকে সই করেন। মঙ্গলবার (৫ এপ্রিল) এটি প্রকাশ করা হয়েছে।

জারি করা নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত নির্দেশনার অনুচ্ছেদ ২১(খ)-এ যা-ই থাকুক না কেন, নতুন এই নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তা যাদের মধ্যে সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত বিদেশ সফরে ইকোনমি ক্লাসেই ভ্রমণ করবেন।

সরকারি ব্যয়ের ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বলা হয়েছে। এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।