জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আগামী ছয় মাসের মধ্যে শিশুদের জন্য দেশের পাঁচটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপূর্ত মন্ত্রণালয় আজ থেকে এ কাজ শুরু করেছে।’
বুধবার (৩ জুন) সচিবালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল ও রংপুরে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।’
এ সময় তিনি আরও জানান, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নারীদের জন্যও পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ চলছে। তবে এসব হাসপাতাল কোথায় নির্মাণ করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে সারাদেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

