• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬ ৩:৩৫
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ৩:৩৫

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে রবিবার (৭ জুন) সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তি‌নি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সং‌শ্লিষ্টরা বল‌ছেন, ম‌স্কো সফরকা‌লে খ‌লিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন। ঢাকা-ম‌স্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শ‌ক্তিশালী কর‌ার বিষ‌য়ে আলোচনা কর‌বেন তিনি। ফেব্রুয়া‌রি‌তে বিএন‌পি সরকার গঠ‌নের পর পররাষ্ট্রমন্ত্রী ও উপ‌দেষ্টার প্রথম রা‌শিয়া সফর।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে মস্কো দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই ৭ থেকে ৯ জুন পর্যন্ত তার রাশিয়া সফরের আয়োজন করা হয়েছে।

তিন দিনের এ সফরকে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ হিসেবে দেখছে রাশিয়া। বিবৃতিতে বলা হয়, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বাড়াতে রাশিয়া আগ্রহী।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে। বৈশ্বিক ও বহুপাক্ষিক নানা বিষয় নিয়ে মতবিনিময় সফরের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলীতে তার দক্ষতা, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘ অভিজ্ঞতারও প্রশংসা করা হয়। রাশিয়ার মতে, জটিল আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলায় তার জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, বর্তমানে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে খলিলুর রহমানের গভীর উপলব্ধি এবং সমঝোতাভিত্তিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় দেশগুলোর স্বার্থ ও উদ্বেগ আন্তর্জাতিক পরিসরে আরও কার্যকরভাবে তুলে ধরার উদ্যোগকে রাশিয়া সমর্থন করে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের গতি বৃদ্ধি, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা আরও শক্তিশালী করা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছে দেশটি।