• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬ ৪:১৯
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ৪:১৯

শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

যশোরের শার্শায় ট্যুরিস্ট পুলিশের কনেস্টবলকে মারধরের ঘটনায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১১টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীর অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুজিদ, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, বাহাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দুর্দিনে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা বিএনপির একজন জনপ্রিয় নেতা। রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’ তারা অবিলম্বে উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে গত ২৯ মে বিকেলে উপজেলা শ্যামলাগাছি এলাকার বাসিন্দা ট্যুরিস্ট পুলিশের কনেস্টবল মামুন হাসান জুয়েল হামলার শিকার হন। এ ঘটনায় তার ছোট ভাই মেহেদী হাসান রয়েল গত ৪ জুন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নামে শার্শা থানায় মামলা করেন।