• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৩৫

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নতুন সরকারে প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘বি’ ক্যাটাগরির আহতদের জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের নথিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের জন্য মাসিক সম্মানি ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে সম্মানি ভাতা দেওয়া হবে।

একই সঙ্গে আন্দোলনে আহত যোদ্ধাদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। আহতদের শারীরিক ক্ষতির মাত্রা বিবেচনায় তাদের তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে এবং সে অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে।

এর মধ্যে সবচেয়ে গুরুতর আহত, অর্থাৎ ‘এ’ ক্যাটাগরিভুক্ত যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। পাশাপাশি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, তাদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।