জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে। সমতায় ফিরতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা। আর শেষ মুহূর্তে ইনজুরি টাইমের গোলে আইভরি কোস্টকে হারাল জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। একইসঙ্গে নিশ্চিত হয়েছে নকআউট পর্বের টিকিট।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে জার্মানির হয়ে ডেনিজ উনদাভ জোড়া গোল করেন। আইভরি কোস্টের হয়ে একমাত্র গোলটি করেন ফ্রাঙ্ক কেসি।
ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় জার্মানি। ২১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান আলেকজান্ডার পাভলোভিচ। কিন্তু আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানাকে ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি।
৩০ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে জার্মানির জালে বল জড়ায় আইভরি কোস্ট। বক্সের ভেতর থেকে ফ্রাঙ্ক কেসি দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে জার্মানি।
৪০ মিনিটে আরও একটি গোল বাতিল হয় জার্মানির। কাই হাভার্টজ বল জালে জড়িয়ে উদ্যাপন করছিলেন। কিন্তু আক্রমণের শুরুতে জামাল মুসিয়ালা আইভরি কোস্টের ইমানুয়েল আগবাদুকে ফাউল করায় গোলটি বাতিল হয়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্থ শেষ করে জার্মানি।

