• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী হলেন যারা

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬ ২:৫২
আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ২:৫২

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী হলেন যারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এ সফরকে ঘিরে শুধু ঢাকা ও কুয়ালালামপুরেই নয়, প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী মহলেও আগ্রহ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সফরে কারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন, তা নিয়েও আলোচনা রয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এ ছাড়া পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, অর্থনীতি, জ্বালানি, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতের দায়িত্বে থাকা আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সফরসঙ্গী হয়েছেন।

এ সফরে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, অনিয়মিত কর্মীদের বৈধকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা সফরের প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষা ও প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সংশ্লিষ্টদের মতে, প্রতিনিধিদলের সদস্যদের তালিকা পর্যালোচনা করলে বোঝা যায় যে সফরটিতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক জোরদার, জ্বালানি খাতে সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মালয়েশিয়া সফর শেষে সোমবার কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত নির্ধারিত চীন সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুয়ালালামপুরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় মালয়েশিয়ার জাতীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাও শোভা পাচ্ছে। সংশ্লিষ্টরা এটিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন।