এম এনাম হোসেন, রাউজান (চট্টগ্রাম)
ছবিঃ প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি। রাউজানের প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করছি। নাগরিকদের জীবনমান উন্নয়ন, যান চলাচলে সুবিধা সৃষ্টি এবং আধুনিক পৌর অবকাঠামো গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” রাউজান পৌরসভায় ১২টি উন্নয়ন প্রকল্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাক্কালে তিনি এসব কথা বলেন।
শনিবার (২০ জুন) রাউজান পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, “উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রাউজান পৌর বাইপাস সড়ক নির্মাণ, মুন্সীরঘাটা-পোস্ট অফিস-দারুল ইসলাম মাদ্রাসা গেইট সড়কের কার্পেটিং উন্নয়ন, সৈয়দ আহম্মদ চৌধুরী সড়ক আরসিসি করণ, নোয়াপাড়া সড়ক থেকে এয়ার মোঃ চৌধুরী সংযোগ সড়ক আরসিসি করণ, জহুর আহম্মদ চৌধুরী বাড়ি সড়ক থেকে আমজাদ আলী চৌধুরী বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন, হেদায়েত আলী চৌধুরী বাড়ি সড়ক, বানু সিকদার বাড়ি সড়ক, কবি হামিদ আলী সড়ক, দক্ষিণ গহিরা ওসমান আলী তালুকদার বাড়ি সড়ক, রাস বিহারী ধাম থেকে পালিত পাড়া সংযোগ সড়ক আরসিসি করণ এবং রাউজান উচ্চ বিদ্যালয় মাঠ ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় সড়ক বাতি স্থাপন প্রকল্প। উন্নয়ন প্রকল্পের পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

