জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল এবং নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এরিক সোলহেইম।
তার সঙ্গে ছিলেন প্রোক্লাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাভিন কুমার কান্দাসামি। তিনি দক্ষিণ এশিয়ায় কার্বন বাজার, জলবায়ু অর্থায়ন, বায়োচার এবং টেকসই উন্নয়ন উদ্যোগ নিয়ে কাজ করা একজন আন্তর্জাতিক জলবায়ু উদ্যোক্তা।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, কার্বন ক্রেডিট, সবুজ বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশে জলবায়ু সহনশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে এ খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহও প্রকাশ করা হয়।

