• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিসিকের পাঁচ দিনব্যাপী বর্ষা মেলার উদ্বোধন

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৯:৫৩
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৯:৫৩

বিসিকের পাঁচ দিনব্যাপী বর্ষা মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক

সংগৃহীত ছবি

দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ এবং বাংলার বর্ষার ঐতিহ্য তুলে ধরতে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে এই মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিল্পমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

বিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার আবহ, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে এক মঞ্চে তুলে ধরার উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাদের নান্দনিক, মানসম্মত ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন এবং বিক্রির সুযোগ পাচ্ছেন।

মেলায় মোট ৫৬টি স্টল অংশগ্রহণ করেছে। এসব স্টলে দেশীয় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বিভিন্ন ধরনের বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সামগ্রী, মধু এবং নানা ধরনের খাদ্যপণ্যসহ দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৩৯৮ নম্বর বিসিক ভবনের নিচতলায় আয়োজিত এ মেলা ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।

আয়োজকদের মতে, দেশীয় ঐতিহ্য ও সৃজনশীলতাকে আরও বিকশিত করা, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করা, তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের কাছে দেশীয় পণ্যের জনপ্রিয়তা বাড়ানোই এই মেলার প্রধান লক্ষ্য।