• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জ্বালানি মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৬:৩১
আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৬:৩১

জ্বালানি মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি রামিস শেন। বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশে তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তুর্কি প্রতিনিধি দল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানায়। একই সঙ্গে বাংলাদেশের প্রতি তুরস্ক সরকারের শুভেচ্ছা ও অব্যাহত সহযোগিতার বার্তা তুলে ধরে।

বৈঠকে রাষ্ট্রদূত রামিস শেন বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশে তুর্কি বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

জবাবে ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বিশেষ করে দেশের জ্বালানি খাতে, বিশেষত এলএনজি সরবরাহে অধিক বিনিয়োগ ও অংশগ্রহণে সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। এ সময় জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকের শেষে রাষ্ট্রদূত রামিস শেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। জবাবে সুবিধাজনক সময়ে যত দ্রুত সম্ভব তুরস্ক সফরের আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।