• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:৪৫
আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:৪৫

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করতে শুরু হয়েছে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’।

শনিবার (১১ জুলাই) থেকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে সমন্বিত সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ সময় হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। সমন্বিত সচেতন সমাজের এই উদ্যোগ প্রশংসনীয়। এই সচেতনতা ঢাকার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর পাশাপাশি মাদক নির্মূলেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দিয়েছে। এটি প্রতিরোধ করা না গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে। তবে মাদক নির্মূলে প্রশাসনকেও ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, নাগরিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ করছে সরকার। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল তার বক্তব্যে বলেন, আজ থেকে শুরু হওয়া আমাদের এই ৩০ দিনব্যাপী কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধন ওষুধ, স্প্রে, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের এই কর্মসূচির বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিউল্লাহ সিদ্দিক ভূইয়া বলেন, ডিএসসিসি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে। তবে এবার নতুন করে স্থানীয় জনগণকে এই সচেতনমূলক প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই চেষ্টা করলে ডেঙ্গু রোগ নির্মূল হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জনসচেতনতামূলক একটি র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশেপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সমন্বিত সচেতন সমাজের সমন্বয়কারী ইমরান, মাহমুদ, ফারুক, রবিন, হাসান ও সাইফুলসহ স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতারা ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন।