আন্তর্জাতিক ডেস্ক
ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে একটি পূরণ হলেও এখনো দুটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
শনিবার (২৫ জুলাই) সিজেপির পক্ষ থেকে জানানো হয়, নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাদের প্রথম দাবি। তাদের দাবি অনুযায়ী, সরকার সেই দাবি মেনে নিয়েছে। তবে বাকি দুটি দাবির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সিজেপির অন্যতম দাবি হলো, নিট-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারের প্রত্যেককে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যেন কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া না হয়—এ দাবিও জানিয়েছে দলটি।
সিজেপি জানিয়েছে, বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। দলটির মতে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার দেওয়াই তাদের আন্দোলনের প্রধান উদ্দেশ্য।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

