• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:১০
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:১০

সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

দেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্য সরকারের সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করাসহ তিনটি বিষয়কে জরুরি বলে উল্লেখ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার (২৫ জুলাই) রাজধানীতে সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার বিষয়ক পরামর্শ সভা’য় দেওয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনটি বিষয়ের উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত, অপরাধীদের দল-মতনির্বিশেষে সবার বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অপরাধ করে পার পেয়ে যাওয়ার আশা না করে। দ্বিতীয়ত, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সরকারকে যুক্তিসংগত ও বস্তুনিষ্ঠ সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, বর্তমান সরকারকে মনে রাখতে হবে যে তারাও দীর্ঘ ১৭ বছর ভুক্তভোগী ছিলেন; তাই তারা যেন নতুন করে অত্যাচারীতে পরিণত না হন।’

দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচারপতিদের দায় উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার চেয়ে যদি কারো বেশি অপরাধ থাকে, তাহলে বিচারপতিদের অপরাধ তার থেকেও বেশি। আপনারাই (বিচারপতি) সেই মাঠ তৈরি করেছেন, যার ফলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে।’

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এই সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ খারাপ নয়, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাটুকারিতা ও ব্যক্তি পূজার সংস্কৃতি গভীরভাবে প্রবেশ করেছে।’

দেশের অধিকাংশ সংবাদপত্রকে অলিগার্কদের নিয়ন্ত্রিত বলেও মন্তব্য করেন তিনি বলেন, ‘তাদের নানা স্বার্থ থাকায় তারা ক্ষমতাসীনদের সমালোচনা করতে পারে না।’

তিনি বলেন, ‘যে বিএনপি একসময় ‘আমার দেশ’কে নিজেদের ঘনিষ্ঠ পত্রিকা হিসেবে দেখত, এখন ক্ষমতায় গিয়ে সেই দলই ‘আমার দেশ’কে জামায়াতের পত্রিকা বলছে। কারণ, সরকারকে তোষামোদ বা চাটুকারিতা না করলেই এ ধরনের তকমা দেওয়া হয়। তার মতে, ক্ষমতায় গেলেই সবাই প্রশংসা শুনতে চায়, এটাই বাংলাদেশের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে এবং এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’