• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু ইসির

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৭:১৭
আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৭:১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু ইসির

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকের পর নির্বাচনি বিধি অনুযায়ী সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন আয়োজনকারী এই সংস্থা।

রবিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সে অনুযায়ী দু-এক দিনের মধ্যেই ভারপ্রাপ্ত স্পিকারের কাছে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হবে। সময় নির্ধারিত হলে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে একই দিন সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে জ্যেষ্ঠ সচিবের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও সাংবিধানিক বিধান পর্যালোচনা করা হয় এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা শেষে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। সে হিসেবে আগামী ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। নির্বাচন কমিশনও নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

ইসি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্যদের গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়। সে কারণে প্রথমে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামের তালিকা ইসি সচিবালয়ে পাঠানো হবে। এরপর সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ-সংক্রান্ত গেজেটও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান আশা প্রকাশ করেছেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।