• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:০৬
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:০৬

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাবঞ্চিত হবে না।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, সরকার শুধু স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নেই নয়, সার্বিক উন্নয়নেও বদ্ধপরিকর। বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সমাজে বসবাসরত মূক ও বধির ব্যক্তিদেরও চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন সম্ভব। এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মন্ত্রী হাসপাতালের নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, জন্মের পর থেকেই কিংবা পরবর্তী সময়ে শ্রবণশক্তি হারানো এবং অন্য কোনো পদ্ধতিতে যাদের শ্রবণক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব নয়, তাদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্লান্টেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কক্লিয়ার ইমপ্লান্টেশনের মাধ্যমে শ্রবণক্ষমতা ফিরে পাওয়া এসব রোগীকে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টারে বিশেষ থেরাপি দেওয়া হবে। এই থেরাপির মাধ্যমে তাদের স্বাভাবিকভাবে কথা বলার উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এ ধরনের বিশেষায়িত সেবা দেশের বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী হেড অ্যান্ড নেক–সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর।