• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লাইসেন্স ছাড়াই হাসপাতাল, সোনারগাঁয়ে জরিমানা ও ওটি সিলগালা

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:০৬
আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:০৬

লাইসেন্স ছাড়াই হাসপাতাল, সোনারগাঁয়ে জরিমানা ও ওটি সিলগালা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লাইসেন্স নবায়ন ছাড়াই হাসপাতাল পরিচালনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং প্যাথলজি ল্যাবের অব্যবস্থাপনার অভিযোগ এ জরিমানা করা হয় । একই সঙ্গে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁয়ের কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতাল দুটির পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম এবং প্যাথলজি ল্যাবে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়।

তিনি আরও জানান, গুরুতর অনিয়মের কারণে মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে। জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত সহআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।