জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সরকার সেভাবেই তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এমন একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, যেখানে মেধার মূল্যায়ন হবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না।
মাহদী আমিন বলেন, জুলাইয়ের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় আহত অনেক মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হয়েছেন, আবার অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের পাশাপাশি শহীদ পরিবারের পাশে নির্বাচিত সরকার সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতা নিয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন। তবে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রভাব অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় মানুষের মধ্যে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী বা ইসলামপন্থী—এ ধরনের বিভাজন ছিল না; সবাই নিজেদের বাংলাদেশপন্থী হিসেবে পরিচয় দিয়েছিলেন। সেই ঐক্যের চেতনায় এমন একটি দেশ গড়তে হবে, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত থাকবে।
মাহদী আমিন বলেন, মানুষ এমন একটি বাংলাদেশ চেয়েছিল যেখানে গুম, খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থাকবে না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, বর্তমান সরকার সেটিই প্রতিষ্ঠা করতে চায়।

