• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৩:১৬
আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৩:১৬

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন যে ভাষায় বিরোধী দলের নেতারা কথা বলছেন, এভাবে কথা বলতেন শেখ হাসিনা। আজ একইভাবে আমাদের বিরোধীদলীয় নেতারা কথা বলতে শুরু করেছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকার সেই পরিবেশ তৈরির চেষ্টা করেছে। তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এবং দলটি সনদ গ্রহণ করছে না—এমন প্রচার বিভ্রান্তিকর।

তিনি জানান, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে তিনটিতে বিএনপির সম্মতি ছিল। তবে সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব আলোচনা ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে বলে দলটি মনে করে। তিনি বলেন, সরকারে এসে বিএনপি জুলাই ঘোষণার প্রতিটি অংশে স্বাক্ষর করেছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে।

সংস্কার নিয়ে মতভেদ থাকলে সংসদে আলোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের সমালোচনা সংসদেই হওয়া উচিত। আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও তা যেন সংঘাতে রূপ না নেয়।

তিনি আরও বলেন, সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে, কারণ তাদের মেয়াদ মাত্র পাঁচ মাস। পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ও সন্তানদের রাষ্ট্রীয়ভাবে দেখভালের ওপর গুরুত্বারোপ করেন। শেষে তিনি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথাও জানান।