• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মুক্তিযুদ্ধের মতোই জুলাই শহিদদের আত্মত্যাগ স্মরণীয় থাকবে: ভূমিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:৪৭
আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:৪৭

মুক্তিযুদ্ধের মতোই জুলাই শহিদদের আত্মত্যাগ স্মরণীয় থাকবে: ভূমিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মতোই জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক।’

তিনি বলেন, ‘শহিদ পরিবারের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। কোনো শহিদ পরিবার যাতে অসম্মান বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ সরকার শহিদদের সন্তানদের লেখাপড়া, পরিবারের সার্বিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ বৈষম্যহীন নতুন বাংলাদেশের পথে এগিয়েছে। বর্তমান সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগসহ সবক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে।’

রাজশাহীর উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘নেসকোসহ কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজশাহী থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে না।’ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হক, শহিদ আলী রায়হানের পিতা মো. মুসলিম আলী এবং শহিদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন।

আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।

এর আগে, সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী।

এ সময় শহিদদের আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।