জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর, সিলেটের কৃতী সন্তান, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জোহরের নামাজের পর সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে দরগাহ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মুসল্লিদের মধ্যে নিজ হাতে শিরনি বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবীণ ব্যক্তিত্ব, দরগাহ মসজিদের মুসল্লি এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

