• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সরকারের পাঁচ মাসেই সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি সমর্থনযোগ্য নয়: প্রতিমন্ত্রী নুর

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:০৭
আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:০৭

সরকারের পাঁচ মাসেই সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি সমর্থনযোগ্য নয়: প্রতিমন্ত্রী নুর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকারের বিরুদ্ধে গত সাড়ে পাঁচ মাস ধরে যে সমালোচনা করা হচ্ছে, তা মূলত হিংসা, বিদ্বেষ ও অবিবেচনা থেকে উৎসারিত। তার ভাষায়, মাত্র সাড়ে পাঁচ মাসের একটি সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কাউন্সিল-২৬ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনকে সর্বস্তরে জনবান্ধব ও জনগণের সেবামুখী হতে হবে, যাতে সরকারি অফিস-আদালতে সেবা নিতে এসে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। তিনি জানান, প্রবাসীদের ভোগান্তি কমাতে খুব শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড উন্নীত করার দাবিকে যৌক্তিক উল্লেখ করে নুরুল হক নুর বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো আগে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে পরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত। তিনি জানান, অর্থমন্ত্রী সংসদে নতুন পে-স্কেল নিয়ে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সম্মতিতে তা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী।

মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্যও যৌক্তিক বেতন কাঠামোর পক্ষে মত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রীদের ন্যূনতম ১০ লাখ এবং সংসদ সদস্যদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত। তার মতে, নির্বাচনী এলাকায় গেলে মানুষের নানা ধরনের সহযোগিতার অনুরোধ সামলাতে গিয়ে তারা বিভিন্ন চাপে পড়েন।

স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আটটি বিভাগে আটটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল নির্মাণে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা এবং জেলা সদর হাসপাতালগুলোকে আধুনিকায়নের কাজ চলছে। তিনি বলেন, চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার অভিযোগ, প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ অবস্থায় সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কর্মসূচিতে অংশ না নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আশিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সরকারের উপসচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের সভা প্রধান তাসলিমা আখতার, জাতীয় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, বাংলাদেশ রেলওয়ে বিভাগের সহকারী সার্জন ডা. সাকিব শাহরিয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্যরা।