ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সিনেমার কাজ দিয়েই দর্শকদের মন জয় করেছেন তিনি। এরপর নায়িকা থেকে গায়িকা বনে গেছেন তিনি। ফারিয়ার গাওয়া বেশ কয়েকটি গানও প্রকাশ পেয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও।
ফারিয়া ওটিটি কনটেন্টে প্রথম কাজ করেন ‘যদি কিন্তু তবুও’ নামের একটি ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে। পরে পরিকল্পনা পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল ওটিটি প্লাটফর্মে। দীর্ঘদিন ধরেই নতুন কোনো কাজে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
এবার বিরতি ভেঙে আবারও ওটিটি কনটেন্টে যুক্ত হয়েছেন ফারিয়া। এই অভিনেত্রী অভিনয় করবেন ‘বরবাদ’খ্যাত আলোচিত চলচ্চিত্র নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্মে। ওয়েব ফিল্মটির নাম ‘লাপাত্তা’। কমেডি-থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ওয়েব সিনেমাটি। আজ শনিবার শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মটির শুটিং।
নির্মাতা গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। টানা প্রায় ১০ দিন চলবে এর দৃশ্যধারণ।
মেহেদী হাসান হৃদয় বলেন, ‘প্রথম দিন এফডিসিতে শুট করব, এরপর ৩০০ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এমনকি ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার।’
প্রথম দিনের শুটিংয়েই অংশ নেবেন নুসরাত ফারিয়া। পাশাপাশি থাকবেন নাসির উদ্দিন খানও।
ওয়েব ফিল্মটিতে ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়ও। পরিকল্পনা অনুযায়ী আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।
এ সম্পর্কে নির্মাতা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘ওয়েব ফিল্মটি হবে মূলত থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা করছি ভিন্নধর্মী গল্প আর আয়োজনে ভিন্ন ধাঁচের একটি সিনেমা নির্মাণের। ইতোমধ্যে সব আয়োজন চূড়ান্ত হয়েছে।’
এদিকে নুসরাত ফারিয়া অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’। গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ফারিয়ার গাওয়া গান ‘লোকে বলে’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি এই গানের কথা লিখেছেন বাঁধন। গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

