জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নতুন চিন্তায় বাংলাদেশ গড়ে তোলার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অর্থনীতির সুফল পৌছে যাবে।’
রবিবার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালীর পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি যদি চাঁটগাইয়া ভাষায় বক্তব্য দিই তাহলে প্রধামন্ত্রী হয়তো বুঝবেন না। তারপরও আমি চাঁটগাইয়া ও বাংলা মিশিয়ে বলতে চাই, বাঁশখালীবাসীকে কোনো দাবি-দাওয়া করতে হবে না। তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরণের রাজনীতি।’
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “এ ধরণের রাজনীতি আপনারা দেখেছেন? সমাবেশ থেকে সমস্বরে আওয়াজ আসে ‘না’। কৃষক, শ্রমিক, মসজিদের ইমাম, বয়স্ক, পেশাজীবী বাজেটে কেউ বাদ যায় নাই। প্রত্যেক মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে এবং প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের কীভাবে দায়িত্ব পালন করতে হয় তা প্রধানমন্ত্রী জানেন। এই নতুন চিন্তায় বাংলাদেশ গড়ে তোলার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অর্থনীতির সুফল পৌছে যাবে।”
তিনি বলেন, প্রত্যেক মহিলার ঘরে পৌছে যাবে ফ্যামেলি কার্ড। কৃষকের কাছে কৃষি কার্ড যাবে। আলেম-ওলামাদের জন্য ভাতা রয়েছে। সর্বস্তরের মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য খাতে খরচ কমলে এবং ফ্যামেলি ও কৃষক কার্ডের টাকা পেলে মানুষের কষ্ট থাকবে না। বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে সব সম্ভাবনাকে সরকার কাজে লাগাবে।

