• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন ডা. জাহেদ

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৩:৫৪
আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৩:৫৪

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন ডা. জাহেদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে যেতে পারেন।’

তিনি বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গেও তথ্য উপদেষ্টা বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে।’

তথ্য উপদেষ্টা জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রতিনিধি ঢাকায় এসেছেন এবং দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। ‘র’ প্রধানের বাংলাদেশ সফর গোপন কিছু নয়।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে।’

এ ছাড়াও শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।’