জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট সংসদ সদস্যদের (এমপি) নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। একই স্থানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পক্ষে এ-সংক্রান্ত নোটিশ জারি করেন ইসি সচিব আখতার আহমেদ।
নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং গত ৬ আগস্ট ঘোষিত নির্বাচনি তফসিলের ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে আলোচনার পর ২০ আগস্ট দুপুর ২টায় সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণও ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ শেষে সংসদ ভবনের অধিবেশন কক্ষেই ভোট গণনা করা হবে এবং প্রাথমিক ফল ঘোষণা করা হবে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে ইসি।
এবার বিএনপি ও জামায়াত জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে প্রায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট হতে পারে। কারণ গত কয়েক দশকে একক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

