• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ১১:১১
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ১১:১১

চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর এ চিঠি পাঠানো হয়।

চিঠির একটি অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সারাদেশে বর্তমানে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে। এতে জনগণের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে এমন সংকটময় পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংসদে এ বিষয়ে অর্থবহ আলোচনা করা এবং দ্রুত সংকটের সমাধান খুঁজে বের করা জরুরি।

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।