• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

১৭ বছরের সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:২১
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:২১

96659852

১৭ বছরের সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গত ১৭ বছরে দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত আধুনিক ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে লাখ লাখ রাজনৈতিক মামলা দিয়ে চরম হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার দেশে প্রকৃত ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে। বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন।’

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকার মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। সরকার বিভিন্ন সংকট সমাধানে কাজ করছে। ‘মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে না।’

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে এসব কর্মসূচির আওতায় দেশের সব নাগরিককে আনা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

আইনজীবীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শুনে মন্ত্রী, আইনজীবী সমিতির সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, নতুন ভবন নির্মাণের জন্য যা যা প্রয়োজন, তা করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, বিচার বিভাগে নানা সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমনসহ আইনজীবী সমিতির নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com