• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাঁশখালীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১:৩০
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১:৩০

বাঁশখালীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের সাবেক নেতা এস এম হাম্মাদ বিন সোলাইমানকে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত করায় স্থানীয়ভাবে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, হাম্মাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গোপনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ২৪ এর জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হাম্মাদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয় অস্বীকার করেছেন হাম্মাদ।

অভিযোগ উঠেছে, রাজনৈতিক পরিচয় ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি ফ্যামিলি কার্ডের মতো সরকারি কর্মসূচির তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত হলেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় তার রাজনৈতিক পরিচয় যাচাই করা হয়েছিল কি না এবং নির্বাচনের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি।

উপজেলা সমাজসেবা অফিসার আমজাদ হোসেন জানান, পরীক্ষার পাশাপাশি বিভিন্ন জনের সুপারিশে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। এখানে ছাত্রলীগের কেউ অন্তর্ভুক্ত হলে তদন্ত করে বাদ দেওয়া হবে।