• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি: ইসি সচিব

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৩
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৩

রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি: ইসি সচিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সাংবাদিকদের এসব তথ্য জানান, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বিএনপি ও সমমনা দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ— দুজনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে। ওইদিন ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। সাদা কাগজে কালো রঙে ব্যালট পেপার ছাপানো হবে। ভোটগ্রহণ শেষে দ্রুত প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য রয়েছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর শূন্য পদে ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একাধিক প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।