জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী চাইলে ভারতসহ বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না।’
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে। দুই দেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।’
দেশের চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বন্ধ করা সম্ভব। এখন বড় বিষয় হলো, তিনি এগুলো বন্ধ করতে চাইছেন কি না।’
জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।’
আগামী স্থানীয় নির্বাচনে নেতা-কর্মীদের জনমানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সে জন্য নেতা-কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’
রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ও রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।
এ ছাড়া মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন।

