জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়ে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।
মন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।
সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক ও জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে জানান তিনি। পার্থ বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অনেক বড়।
একই সঙ্গে দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে গর্বের বিষয়গুলো অক্ষুণ্ন রাখার দায়িত্বও মন্ত্রণালয়ের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সরকার দায়িত্ব নেওয়ার সময়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুলত্রুটি সবারই হতে পারে, তবে নৈতিকতার জায়গা থেকে সরকার শক্ত অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে পার্থ বলেন, গত ১৭ বছর নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যম সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য মানুষের সামনে তুলে ধরেছে।
জুলাই আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ আন্দোলনে তাদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। সব দিক থেকেই সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিচার বিভাগ, রাজনীতি, স্ট্যাচুটরি বডি ও সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা মেরামতে সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, কোন পথে যাওয়া যাবে না, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ড্যামেজগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা—এই জিনিসগুলোতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে।
সামাজিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন পার্থ। পাশাপাশি কোনো সিদ্ধান্তের মাধ্যমে যাতে অন্যায় না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
নিজের বক্তব্যে আল্লাহর ওপর বিশ্বাসের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ভালো কিছু করার ইচ্ছা থাকলে আল্লাহর রহমত থাকে। আপনার ইনটেনশন যদি ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা একটা ডিভাইন ব্লেসিং দিয়ে দেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে পার্থ বলেন, এটি একটি টিমওয়ার্ক। রাজনীতিতে তার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজের ক্ষেত্রে কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করা তাদের অন্যতম দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
জনগণের জানার অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা আমাদের ভোট দিয়েছেন। আমরা কী করছি, সেটাই জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

