• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মাদক মামলা জামিনঅযোগ্য ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে: এমপি দীপেন দেওয়ান

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৮:৫৩
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৮:৫৩

মাদক মামলা জামিনঅযোগ্য ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে: এমপি দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
মাদকের ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধকে জামিনঅযোগ্য ও সর্বোচ্চ শাস্তির পর্যায়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ ছাড়াও তিনি মাদক মামলার আসামিদের জামিনের জন্য ব্যবস্হা না করতে আইনজীবীদের আহ্বান জানান।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালির পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের কারও মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি বলেন, ‘মাদক সাপ্লাইয়ের টোটাল চেইন আমরা কেটে দেব। মাদক ব্যবসায়ীরা দৌঁড়ের ওপর থাকবে। মাদকসেবীদের জন্য লাল দালান রেডি আছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। পুলিশের কারও মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে এ মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লে. কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশিংয়ের রাঙামাটি সভাপতি মামুনুর রশীদ, শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শুধু অভিযান পরিচালনা করে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে।

এর আগে দুপুরে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাব প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশ মিলিত হয়। যেখানে রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।