• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

যানজট-ভোগান্তি কমানোর লক্ষ্যে সায়দাবাদে আধুনিক বাস টার্মিনালের পরিকল্পনা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:১৯
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:১৯

যানজট-ভোগান্তি কমানোর লক্ষ্যে সায়দাবাদে আধুনিক বাস টার্মিনালের পরিকল্পনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে সায়দাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

পরিকল্পনার অংশ হিসেবে টার্মিনালে এসি বাসের জন্য পৃথক ও আধুনিক কাউন্টার, যাত্রী ওঠা-নামার সুবিধা, পার্কিং শেড, ওয়াকওয়ে, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ নির্মাণ করা হবে।

সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমাতে সায়দাবাদ বাস টার্মিনালের নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। নকশাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়দাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, নতুন পরিকল্পনায় সায়দাবাদে অতিরিক্ত জায়গা নির্ধারণ করে এসি বাসের সার্ভিসিং, যাত্রী ওঠা-নামা এবং টার্মিনাল ব্যবস্থাপনার জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। ডিএসসিসি প্রশাসক দ্রুত এ পরিকল্পনাটি বাস্তবায়নের নির্দেশনা দেন।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী এ সভায় জানান, প্রচলিত টেন্ডার পদ্ধতিতে কাজ বাস্তবায়ন করতে সময় লাগতে পারে। এ কারণে দ্রুত কাজ সম্পন্ন করতে বাস মালিক সমিতিকে স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা তৈরি করে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালের ভেতরে পুরোনো মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবন সম্প্রসারণ করে এসি বাসের কাউন্টার স্থাপনের উপযোগী করা হবে। এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করার পাশাপাশি সেখানে পার্কিং শেড ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

এ ছাড়াও খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি নতুন কাউন্টার শেড নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বর্ষাকালে যে সব কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ করে, সে সব স্থানে পানি প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

টার্মিনালের ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সংখ্যক বেঞ্চও নির্মাণ করা হবে। ডিএসসিসি কর্তৃপক্ষ মনে করছে, পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে সায়দাবাদ বাস টার্মিনালে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে সড়কে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোকে সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে এবং যাত্রীদের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে কমবে।