• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আইশা খানের ‘মন মায়াতে’

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৪:৫৯
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৪:৫৯

আইশা খানের ‘মন মায়াতে’

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
নতুন আরও একটি নাটকে অভিনয় করেছেন আইশা খান। নাটকটির নাম ‘মন মায়াতে’। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রহমান মোস্তাফিজ পাভেল। সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মিশুক মিঠু। এতে আইশা জুটি বেঁধেছেন ইয়াশ রোহানের সঙ্গে। সর্বশেষ এ জুটিকে ‘প্রেমের তরী’ নামে একটি নাটকে দেখা গিয়েছিল। যেটি দর্শক প্রশংসা কুড়িয়েছে। এবার আবারও ভিন্নধর্মী একটি প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন এ জুটি।

এতে ইয়াশ-আইশার পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা, আরিয়া নূর সিদ্দিকী প্রমুখ। শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা।

অভিনেত্রী আইশা খানের কথায়, কিছু গল্প চেনা জগৎকে নানা ঘটনা উপস্থাপনের মধ্য দিয়ে দর্শক মনে দারুণভাবে ছাপ ফেলে। ‘মন মায়াতে’ তেমনই এক গল্পের নাটক, যা দর্শককে বিনোদনের পাশাপাশি যাপিত জীবন নিয়ে কিছুটা হলেও ভাবাবে।

এদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আইশা খান অভিনীত সিনেমা ‘শেকড়’। শেকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার যে বন্ধন, তার উপজীব্য রচিত হয়েছে প্রসূন রহমান পরিচালিত এই সিনেমার কাহিনিতে। এতে ফাল্গুনী নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করে দর্শক নজর কেড়েছেন আইশা। নাটক ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি আইশা উপস্থাপনায়ও ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া তাকে মডেল হিসেবেও দেখা গেছে।