• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী অনুপ্রেরণা যোগাবে: রাশেদ প্রধান

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৫:৩৫
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৫:৩৫

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী অনুপ্রেরণা যোগাবে: রাশেদ প্রধান

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “যুগে যুগে লড়াই, সংগ্রাম, আন্দোলনে বিদ্রোহী নজরুলের কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আজও কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা জোগান। বঞ্চিত মজলুম জনগণের প্রতিবাদ আমরা নজরুলের লেখনীতে খুঁজে পাই। জুলাই-পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের জুলুমের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমে একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। সেই আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা জোগাবে।”

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তাৎক্ষণিক মন্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ইনসাফের বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিএনপি সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। দেশের জনগণ প্রদত্ত গণভোট অস্বীকার করে বিএনপি সরকার যে বেইমানি শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস-সার সংকট, প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি চলছে।”

জাগপা মুখপাত্র বলেন, “কবি নজরুলের কবরের পাশেই শায়িত আছেন ওসমান হাদী। বিএনপি ভোটের আগে ওসমান হাদীকেও ব্যবহার করেছিল, অথচ এখন হাদী হত্যার বিচার হয় না। জুলাই গণহত্যার বিচার হয় না, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার হয় না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রকাফেলা সভাপতি আবদুর রহমান ফারুকী, ঢাকা মহানগর যুব জাগপা সাধারণ সম্পাদক ওসমান গণি, সহ-সভাপতি আশিকুর রহমান, শামীম আহমেদ, শ্রমিক জাগপা নেতা মনোয়ার হোসেন, মো. সাজু মিয়া প্রমুখ।