শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে গুমের মতো কোনো ঘটনার স্থান থাকবে না। সরকার গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিরোধী দল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে পারে। তবে এ সরকার গুম, মানবাধিকার লঙ্ঘন কিংবা নির্যাতনের মতো কর্মকাণ্ডে বিশ্বাস করে না।
এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কারারুদ্ধ রাখা হয়েছে এ কথা বলার সুযোগ নেই। জনগণ তাদের বিচার চায় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই তাদের বিচার করা হবে।
এর আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানস্থল পরিদর্শনে মন্ত্রী প্রবেশের আগে সেখানে উপস্থিত সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। এ সময় সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। পরে এ ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন আহমেদ আযম খান।
গত ২৩ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর কল্যাণ ও পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আদলে নতুন এ প্রতিষ্ঠান গঠনের বিষয়ে আহমেদ আযম খান বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকারি এই প্রতিষ্ঠান।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিহ এবং তাদের পরিবারের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তাদের সহায়তা ও পুনর্বাসনের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

