আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান দেওয়ার আগে পিওকের স্বাধীনতার দাবি জানানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শুভেন্দু। সেখানে ১০ হাজার মানুষ একসঙ্গে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করেন। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআইয়ের সংঘর্ষের পর জাতীয়তাবাদের চেতনা জোরদারের লক্ষ্যেই তিনি এই অনুষ্ঠানের ডাক দেন বলে জানান।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হুমকির সংস্কৃতি’ বন্ধ করে ক্যাম্পাসে জাতীয়তাবাদের চেতনা ফিরিয়ে আনার কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ও বাম সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদ ও রাজ্যের ঐতিহ্য দুর্বল হয়েছে।
শুভেন্দু বলেন, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার আগে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতার কথা বলতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত অবশ্যই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করবে।
‘অপারেশন সিন্দুর’-এর বিরুদ্ধে যাদবপুরের শিক্ষার্থীদের বিক্ষোভেরও সমালোচনা করেন শুভেন্দু। তার অভিযোগ, নির্বাচনি সুবিধার জন্য তৃণমূল কংগ্রেস বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সঙ্গে সমঝোতা করেছিল। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে আবারও জাতীয়তাবাদের চেতনা ফিরিয়ে আনা হবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

