• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াকআউট সুস্থ ধারার রাজনীতি কি না, প্রশ্ন আইনমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৩:৪৮
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৩:৪৮

গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াকআউট সুস্থ ধারার রাজনীতি কি না, প্রশ্ন আইনমন্ত্রীর

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সংসদে গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াকআউট সুস্থ ধারার রাজনীতি কি না, সেই প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক বিচারের আওতায় আনা হবে। তার দাবি, গত ৬ মাসে দেশে কোনও গুমের ঘটনা ঘটেনি।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গুম সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনবোই। বিচারের মুখোমুখি করবোই। বিচার প্রক্রিয়া ধীর হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায় বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে। কেউ যাতে বলতে না পারে, তড়িঘড়ি বিচার করা হয়েছে, ন্যায়বিচার করা হয়নি। শুধু লোক দেখানো প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না। একটি প্রক্রিয়ার মধ্যেই বিচার কাজ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গত ৬ মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনও অভিযোগ নেই। মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে সরকার। আমরা চাই না আর কেউ গুমের শিকার হোক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরা।