• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

চুমু বিতর্কে অভিনেতা বললেন, ‌‌‘নিজেকে বদলাতে পারব না’

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৪:২১
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৪:২১

চুমু বিতর্কে অভিনেতা বললেন, ‌‌‘নিজেকে বদলাতে পারব না’

বিনোদন ডেস্ক
ছবি: আনন্দবাজার

অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপূর। ওই ঘটনার পর শ্রেয়া অভিযোগ করেছিলেন, তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন রাম। তবে অভিনেতার দাবি, বিষয়টি পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্রেয়া নিজেই তাকে জানিয়েছেন, রামের আচরণ নিয়ে করা মন্তব্যের মাধ্যমে তিনি খারাপ কিছু বোঝাতে চাননি। একই সঙ্গে রাম স্পষ্ট করেছেন, অন্যের মন্তব্যের কারণে নিজের স্বভাব বদলাতে চান না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়ার সঙ্গে ওই ঘটনা ও পরবর্তী বিতর্ক নিয়ে কথা বলেন রাম। তিনি বলেন, শ্রেয়া পরে তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং জানিয়েছেন, তিনি বিষয়টি অন্যভাবে বোঝাতে চাননি।

রামের ভাষায়, ও আমার সঙ্গে অনেকবার চ্যাট করেছে। ও বলেছে, ‘শোনো, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।’ আমি সব সময় এমনই। আমার স্নেহ প্রকাশের ধরন অনেক সময় শারীরিক। ক্যারিয়ারের শুরু থেকেই আমি এমন। কোনও বিষয়কে কীভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হবে, সেটা ভেবে আমি নিজেকে বদলাতে যাব না। এসব নিয়ে আমি মাথা ঘামাই না।

নিজেকে ঘিরে চলা সমালোচনাকেও খুব একটা গুরুত্ব দিতে চান না রাম। তার দাবি, এ ধরনের বিতর্ক তার ওপর কোনো প্রভাব ফেলে না। দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২৭ বছরের ক্যারিয়ারে তার সঙ্গে কাজ করা কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করেননি। বিষয়টিকে নিজের জন্য গর্বের বলে মনে করেন তিনি।

রাম বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের ক্যারিয়ার। আমি খুব খুশি এবং গর্বিত যে, আমার সঙ্গে কাজ করা কোনো নারী কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলল, তা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমি যেমন, তেমনই থাকব।

তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কগুলোকে ‘অপ্রয়োজনীয়’ বলেও মন্তব্য করেন এই অভিনেতা। তার মতে, অনেক সময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এমন বিতর্ক তৈরি হয়, যা পরে মূল প্রসঙ্গের বাইরে চলে যায়।

রামের কথায়, এই ছোটখাটো বিষয়গুলো বারবার ঘটতে থাকে। এমন বিতর্ক তৈরি হয়, যেখানে প্রসঙ্গের বাইরে কথা নিয়ে যাওয়া হয়। এগুলোর পেছনে আমি নিজের সময় নষ্ট করতে চাই না। জীবন খুব দ্রুত এগিয়ে যায়। আমার জীবনে অনেক ইতিবাচক বিষয় রয়েছে, আমি সেগুলোর দিকেই মন দিতে চাই। এসব অর্থহীন এবং সময়ের অপচয়।

সাক্ষাৎকারে শ্রেয়ার সঙ্গে তার সম্পর্কের জটিলতা নিয়েও কথা বলেন রাম। দুজনের মধ্যে কেন প্রায়ই মতবিরোধ তৈরি হতো, সে বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

শ্রেয়ার বিরুদ্ধে ব্যক্তিগত কোনো অভিযোগ নেই জানিয়ে রাম বলেন, তার মনে হয়, শ্রেয়ার রাগ নিয়ন্ত্রণের বিষয়ে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। পাশাপাশি কথা বলার ধরনেও আরও সংযত হওয়া উচিত বলে মনে করেন তিনি।

সূত্র: আনন্দবাজার