শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রোজা ও ঈদের ছুটির কারণে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এক দফা পেছালেও তা আর পেছাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আগামী বছরের ৭ জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা বলা হলেও শেষ পর্যন্ত তা মার্চে গড়িয়েছে। রোজা ও ঈদের ছুটির কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্রমান্বয়ে শৃঙ্খলার মধ্যে আনা হবে জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, প্রথমে এসএসসি; তারপর এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- এগুলো সমন্বয় করা হবে। এছাড়া বিদেশে যারা পড়তে যায়, তাদের শিক্ষাবর্ষ কখন শুরু হয়, সেসবও একটা জায়গায় নিয়ে আসা হবে।
মন্ত্রী বলেন, সব দিক বিবেচনায় নিলে সবচেয়ে সুবিধাজনক মাস ফেব্রুয়ারি। এ মাসে পরীক্ষা নেওয়া হলে ভালো হয়। কিন্তু রমজানের জন্য এবার সেটা সম্ভব হচ্ছে না।
এদিকে, এসএসসি ও সমমান পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, আমাদের কাছে বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া প্রমুখ।

